দিনাজপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। এর মধ্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার কনকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬জন আসামীকে গতকাল (শনিবার) রাতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার সকালে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ ৩৪জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে মাদক মামলার বিভিন্ন ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে।

কোতয়ালি পুলিশ জানায়, অভিযানে এক নারীসহ ৪০ জন খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। দিনাজপুরকে মাদকমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান কোতয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে।
কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ‘দিনাজপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা মাদক সেবন করবে এবং যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না। আমরা একরাতে অভিযান চালিয়ে দিনাজপুর শহরের বিভিন্ন জায়গা থেকে ৪০ জন মাদক সেবনকারী ও বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে। দিনাজপুরকে মাদক নির্মূল একটি জেলা হিসেবে পুলিশ প্রশাসন উপহার দিতে চায়। এজন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।’
বার্তা বাজার/এম.সি