ডিবি’র অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ মুলহোতা গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর) আশুলিয়া সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার।

গ্রেফতারকৃতরা হলো- শহিদুল ইসলাম, আনিসুর রহমান ও বকুল আলী। তারা সবাই নাটোরের সিংড়া থানার বাসিন্দা।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর রাতে আশুলিয়া, কালিয়াকৈর ও নাটোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ধামরাই থানায় বাদী মোঃ আরশেদ আলীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১০ আগস্ট, ২০১৯ তারিখে নারায়ণগঞ্জের নীলা থেকে গরু বিক্রি করে ফিরছিলেন ৭ জন গরু ব্যবসায়ী। পথে অজ্ঞাতনামা ডাকাতদল নাটোর পৌঁছে দেওয়ার জন্য রাত ৯ টার দিকে ২০০ টাকা করে ভাড়া ঠিক করে তাদের ডাকাতি কাজে ব্যবহার করা একটি ট্রাকে উঠিয়ে ঢাকার বিভিন্ন সড়কে ঘোরাতে থাকে। আনুমানিক রাত দু’টার দিকে তাদেরকে ডাকাতরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরে নিয়ে যায়। এখানে ডাকাতরা গরু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ফেলে। এসময় ব্যবসায়ীদের কাছে থাকা গরু বিক্রির টাকা দিতে রাজি না হলে ডাকাতরা একজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা গরু বিক্রির ৯ লক্ষাধিক টাকা লুট করে। পরে প্রচুর রক্তক্ষরণ হলে ডাকাতরা ভয় পেয়ে গরু ব্যবসায়ীদের ট্রাক থেকে রাস্তার পাশে ফেলে দেয়।

এ ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বরের ১১ তারিখে ধামরাই থানায় একটি মামলা (মামলা নং ১৮) দায়ের হয়। ঢাকা জেলার পুলিশ সুপার এর নির্দেশে চাঞ্চল্যকর এই মামলার প্রেক্ষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক কাউসার জানান, অভিযানে প্রথমে নাটোরের সিংড়া এলাকা থেকে ডাকাতি কাজে ব্যবহার করা ট্রাকসহ শহিদুল ইসলাম নামে ওই ট্রাকের মালিককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কালিয়াকৈর এলাকার পল্লী বিদ্যুৎ থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সবশেষে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বকুল আলীকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজারকে তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের মুলহোতা। আজ (শনিবার) দুপুরে তাদের আদালতে পাঠানো হলে তিন ডাকাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

এব্যাপারে, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ও আশুলিয়া থেকে ডাকাত দলের মুলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হাসান সরদার জানান, ধামরাই থানার ডাকাতি মামলাটির ব্যাপারে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিলো যেভাবে হোক আসামীদের গ্রেপ্তারের করার জন্য। তারই ধারাবাহিকতায় ডাকাতদলের মুলহোতাসহ ডাকাতি কাজে ব্যবহার করা ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর