দিনাজপুরে জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক গাড়ী চালক নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সিদ্দিকুর রহমান সদর উপজেলার গবরা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বালুবাহী ট্রাক্টোরের চালক। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে পূর্নভবা নদীর রাজাপাড়া ঘাট নামক স্থানে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানসহ ১০ থেকে ১২ জন পূর্নভবা নদীর রাজাপাড়া ঘাটে নদীর ধারে বসে জুয়া খেলছিল। এ সময় ঐদিক দিয়ে পুলিশের একটি টহল দল যাচ্ছিল। জুয়াডিরা পুলিশ দেখতে পেয়ে যে যার মত দৌড় দিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে ৩ জন পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দেয়।
তার মধ্যে ২ জন নদীর পানি সাঁতরে নদী পার হতে পারলেও নিখোঁজ সিদ্দিকুর রহমান পূর্নভবা নদীর রাজাপাড়া ঘাটের পশ্চিম পাড়ে উঠতে পারেনি। ফলে পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুজন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন উপস্থিত থেকে উদ্ধার অভিযান চালায়। এসময় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, ‘আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। এখনো (রাত ৮টা) নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) সিদ্দিকুর রহমানের খোঁজ পাওয়া যায়নি।
উল্লেখ্য, একই জায়গায় গত ৪ বছর আগে জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চারজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন বলে এলাকাবাসী জানায়।
বার্তা বাজার/ডব্লিও.এস