টাঙ্গাইলে নিজের গায়ে আগুন লাগিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কমলা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কমলা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুপুরে কমলা আক্তারের মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এসময় বাড়ি ফাঁকা পেয়ে কমলা আক্তার ঘরের দরজা বন্ধ করে হঠাৎ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়। স্থানীয়রা ঘরে আগুন দেখে অর্ধপোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। কমলা চার বোনের মধ্যে সবার ছোট।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, ‘কী কারণে কমলা শরীরে কেরোসিন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর