শীতের আবেশে লাল টুকটুকে শাড়ী পরে দশ বারো জন শিল্পীর কণ্ঠে ভেসে উঠল ‘ওরে বাংলাদেশের মানুষ গুলা থাকিল তোমার নিমন্ত্রন দিনাজপুর হায় বেড়েয়া যান’ দিনাজপুরের আঞ্চলিক এই সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, দিনাজপুর কর্তৃক আয়োজিত উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বসেছিল শহরের সুইহারি আশ্রম এলাকার চালতা তলার নিচে।
শনিবার বিকেল ৫ টার দিকে শীতের আবেশে চালতা তলা সুরের মূর্ছনায় উষ্ণতা ছড়িয়ে মঞ্চ মাতিয়ে তোলেন দিনাজপুরের স্থানীয় শিল্পীরা। একের পর এক লোক সংগীত গেয়ে দর্শকদের আন্দোলিত করেন এসব তারা।
গানের পর শিশুদের মনোমুগ্ধকর নৃত্য উষ্ণতা বাড়িয়ে দেয় কয়েকগুণ। দর্শকরা মেতে উঠেন উঠান সাংস্কৃতিক আনন্দে। ছোট বড় স্থানীয় শিল্পীদের কণ্ঠে একের পর এক গানের সুরে দর্শক আসন ভারী হতে থাকে। শহরের মধ্যেই গ্রামীণ পরিবেশনায় চলতে থাকে গান ও নৃত্য। দেশাত্ববোধক, ভাওয়াইয়া, লোক সংগীত গান শুনে শ্রোতের হাততালিতে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, দিনাজপুর কর্তৃক আয়োজিত এই উঠান সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন, নাট্য ব্যক্তিত্ব তারিকুজ্জামান তারিক সহ প্রমূখ।
বার্তা বাজার/ডব্লিও.এস