দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২০১৩ সালের একটি মাদক মামলার হাজিরা দিতে এসে নুর হোসেন (৬৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের জেলা আদালত চত্বরে এই ঘটনা ঘটে। মৃত নুর হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলন গ্রামের নয়াপাড়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০১৩ সালের একটি মাদক মামলার হাজিরা দিতে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসেছিলেন বলে মৃত নুর হোসেনের জামাই নওশাদ আলী জানান।
আদালত সূত্রে জানা যায়, দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ড রায় এর আদালতে মাদক মামলার জামিন নেওয়ার জন্য হাজিরা দিতে এসে আদালত ভবনের (নতুন ভবন) ৫ম তলায় উঠে সিঁড়িতে পড়ে যায় নুর হোসেন। সেখান থেকে নুর হোসেনের স্বজনরা তাৎক্ষণিক দিনাজপুর জেনারেল হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে নুর হোসেনের মৃত্যু হয়েছে।
নুর হোসেনের পক্ষের আইনজীবী মো. শহিদুল হক জানান, দুপুরে একটি মাদক মামলার আসামি হিসেবে জামিন নেওয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে যান নুর হোসেন। এসময় তার সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নুর হোসেনের জামাই নওশাদ আলী শশুরের লাশ দিয়ে বাড়ি যায়।
বার্তাবাজার/এমকে