বাংলাদেশিদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়াল সৌদি আরব

বাংলাদেশি হজযাত্রীদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। এর ফলে আগামী বছর এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

আজ বুধবার সকালে সৌদি আরবের মক্কায় ২০২০ সালের হজ চুক্তির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে হজে কোটা বাড়ানোর বিষয়টি দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশর হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমান।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের হজ ও উমরা প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত।

প্রসঙ্গত, মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অনুকূলে সৌদি আরব কর্তৃপক্ষ হজ কোটা বরাদ্দ দেয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি- বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পেয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সৌদি কর্তৃপক্ষকে হজ কোটা বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এবার ১০ হাজার কোটা বাড়িয়েছে দেশটি। চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর