৭১তম মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালী ও বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে “তরুণরাই মানবাধিকার রক্ষায় অগ্রগামী এবং বঞ্চিত থাকবে না কেউ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও রাবি আইন অনুষদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ।
বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন অনুষদের ডীন প্রফেসর এম আহসান কবীর। আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে ও ফারহাতুন জান্নাতের সঞ্চালনায় সেমিনারে অতিথি ছিলেন আইন বিভাগের সভাপতি প্রফেসর মুহম্মদ আব্দুল হান্নান, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কার্যালয়ের মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসেন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার পারভেজ ও শিক্ষার্থী রুবানা সায়লা।

এছাড়া আলোচনায় অংশ নেন আইন বিভাগের শিক্ষক ড. শাহীন জোহরা, জোবাইদা সুলতানা, ড. সাঈদা আঞ্জু, ড. মো: সাহালউদ্দীন, বনশ্রী রাণী ও আইন অনুষদের শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে বক্তারা মানবাধিকার রক্ষায়, পরিবেশ রক্ষায়, দেশের উন্নয়নে, সাধারণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে তরুণদেরকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। রাষ্ট্র ও সরকার সবকিছু করে দিবে এই সেকেলে চিন্তা থেকে বের হয়ে এসে প্রতিটি ব্যক্তির যথাযথ কর্তব্য পালনই মানবাধিকার রক্ষা, দলিত, আদিবাসী, প্রতিবন্ধী, দরিদ্রসহ সকল মানুষের উন্নয়ন ও সম্মান নিশ্চিত করতে পারে।
বার্তা বাজার/ডব্লিও.এস