পাঁচ জওয়ানকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন ভারতের আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের এক সদস্য। বুধবার দেশটির ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ভারত-তিব্বত সীমান্ত এলাকায় কাদেনার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কোনো এক বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের রহমান খান নামে এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালালে পাঁচ জওয়ান নিহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বাস্তার রেঞ্জের মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেছেন, ‘এখান থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরবর্তী আইটিবিপির ৪৫তম ব্যাটালিয়নের কাডেনার ক্যাম্পে ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, ‘বাহিনীর এক জওয়ান নিজের অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সুন্দররাজ পি আরও বলেন, ‘হামলায় আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া নারায়ণপুর পুলিশের সুপারইনটেনডেন্ট মুহিত গার্গ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।’
এ প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষার সঙ্গে এই প্রসঙ্গ সম্পৃক্ত নয়। প্রতিবেশী চীনের সঙ্গে ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সেখানে কর্মরত আমাদের বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে।’
বার্তাবাজার/কে.জে.পি