পাবনার ফরিদপুর উপজেলায় নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই ধসে পড়েছে সড়ক।
১২ কোটি ৩৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে বসে গেছে, হেলে পড়েছে গাইডওয়াল। ব্যাপক অনিয়ম ও নিম্ন মানের কাজের কারণেই সড়কের এই দশা বলে অভিযোগ স্থানীয়দের।
পাবনা জেলার ফরিদপুর থেকে বিএলবাড়ী গ্রাম পর্যন্ত ৬ হাজার ৩৯০ মিটার সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবছরের জুন মাসে।
এরই মধ্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। সড়কের মাঝ বরাবর ফাটল ধরে দেবে গেছে ২-৩ ফিট। সড়কের পাড় ঠেকাতে খালের নিচ থেকে কার্পেটিং পর্যন্ত ব্লক বসানো হয়েছে এলোমেলোভাবে। ফলে ব্লকের জোড়ায় পানি ঢুকে সড়কের ভেতরের বালু ধুয়ে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার অংশের অধিকাংশ স্থান ধসে পড়েছে।
এছাড়া খালের পাড়ে গাইডওয়াল নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানেই তা নির্মাণ করা হয়নি। যেসব স্থানে গাইডওয়াল নির্মাণ করা হয়েছে তাও হেলে পড়েছে।
শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার অভিযোগ স্থানীয়দের। আর কাজের মান নিয়ে অভিযোগ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হয় হুমকি।
ঠিকাদাররা প্রভাবশালী ও তাদের পক্ষে রাজনৈতিক দলের সমর্থন থাকায় তাদের হাতে জিম্মি সাধারণ মানুষ।
তবে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী মোঃ বাকী বিল্লাহ বলেন, বন্যায় পানির চাপে সড়ক ধসের ঘটনা ঘটেছে।
সড়কের কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এ, এস, কনষ্ট্রাকশনের স্বত্তাধিকারী আব্দুল আওয়ালের সাথে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
বার্তাবাজার/কে.জে.পি