ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বনগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই যৌথ বর্ধিত সভা সম্পন্ন হয়।
এই যৌথ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয় মূলত থানা কমিটিতে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ থেকে কয়েকজনের নাম প্রেরণ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহনের জন্য। সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং একটি প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত নিউজ এর ব্যাপারে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন বনগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
প্রসঙ্গত, বাংলাদেশের আলো নামের একটি পত্রিকায় বনগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এব্যাপারে সাংবাদিকদের কাছে মোঃ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে যে নিউজটি হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল তার সুনাম নষ্টের জন্যই এরকম একটি প্রতিবেদন প্রকাশ করিয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এব্যাপারে আইসিটি আইনে মামলা করবেন বলে জানান।

এসময় উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে তিনি বলেন, ‘বিষয়টি আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করুন এবং আমার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হয়েছে তার প্রমাণ দিতে পারলে আমি আমার পদ থেকে তৎক্ষনাৎ পদত্যাগ করবো।’
গ্যাস সংযোগ দিয়ে ১০ কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কোন্ডা ও বলিয়ারপুরে মাত্র ২টা গ্রামের আনুমানিক ৩০০ টি বাড়ীতে সংযোগ নেয়া হয়েছে যা মোট বাড়ীগুলোর শতকরা মাত্র ২০ ভাগ। আর আমার জানামতে এগুলো সব বৈধ সংযোগ। আর এগুলোর সব যদি অবৈধও হয় এবং প্রতি সংযোগ গ্রহনকারীরা ১ লাখ করেও টাকা দেয়, তাতেও তো মাত্র ৩ কোটি টাকা হয়। তাহলে পত্রিকায় কিভাবে ১০ কোটি টাকা হাতিয়ে নেবার কথা লিখে? এটা সম্পূর্ণ মনগড়া ও মিথ্যা তথ্যসমৃদ্ধ একটা নিউজ যা আমাকে অপদস্থ করার জন্যই করা হয়েছে।
এব্যাপারে তিনি আরও জানান যে, এসব গ্যাস সংযোগ নেয়া হয় তিনি বনগাঁও এর চেয়ারম্যান হবারও অনেক আগে। তাই এসবের সাথে তার কোনো ধরণের সম্পৃক্ততা নেই।
তাকে ভূমি দস্যু হিসেবে অভিহিত করা এবং তার অনেক অবৈধ অস্ত্রের ভান্ডার রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে এমন রিপোর্ট আছে- পত্রিকায় প্রকাশিত এ ব্যাপারটি নিয়ে চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জানান, একটা মনগড়া বিষয় লিখে দিলেই তো হয়না, কোন গোয়েন্দা সংস্থার থেকে এমন রিপোর্ট পেয়ে পত্রিকাটি নিউজ করেছে, অন্তত সেটা উল্লেখ করার প্রয়োজন ছিলো যা তারা করে নাই।
অনুষ্ঠিত সভায় বনগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস