রাজধানীর উত্তরখানে চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে মানববন্ধন

রাজধানীর উত্তরখান থানাধীন মাজার চৌরাস্তায় অবস্থিত “রোজা সুপার মার্কেট” নিয়ে চাঁদাবাজ, প্রভাবশালীদের তান্ডবের মুখে অসহায় ব্যবসায়ীরা। বাজার দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তান্ডবে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৩০শে নভেম্বর মাজার চৌরাস্তায় অবস্হিত রোজা সুপার মার্কেট দখল করতে আসে উত্তরখান ইউনিয়ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কথিত আওয়ামিলীগ নেতা মোঃ আলমগীর ও তার দলবল। কথিত এই নেতা দোকানদারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও মারধর করে বলে জানা যায়। এতে আবুল কাশেম(২৬) নামে একজন দোকানদার আহত হন। পরে চিকিৎসা শেষে তিনি উত্তরখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী কয়েকজন দোকানদার জানান- আমরা দোকান ভাড়া নিয়েছি একজনের কাছ থেকে, কিন্তু ভাড়া দাবি করছে আরেকজন। দুপক্ষই নিজেদেরকে জায়গার মালিক বলে দাবি করছে। এমনকি মারধর পর্যন্ত করেছে। তারা আলমগীর নামের কথিত নেতার ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছে না। ডিম ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহআলম অভিযোগ করেন- শুক্রবার সন্ধার পর আলমগীর এসে আমার নিকট ভাড়া দাবি করে। আমি তাকে ভাড়া দিতে অস্বীকৃতি জানালে জোর করে ক্যাশে হাত দিয়ে টাকা নিয়ে যায় ও ভয়ভীতি প্রদর্শন করে।

অপর এক দোকানদার সাইফুল ইসলাম জানান, আলমগীর আমাকে হুমকি দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলবো। তাই চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে রোজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ সন্ধ্যায় মার্কেটের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে ব্যবসায়ীরা দাবি করেন অত্যাচার, জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি থেকে মুক্তি এবং মার্কেটের জামানত বাবদ দোকান মালিকদের যে টাকা দেওয়া আছে তাহার স্থায়ী সমাধান, প্রকৃত মালিক পক্ষকে চিহ্নিত করে ভাড়া আদায়, মার্কেটের দোকান মালিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ৩০শে নভেম্বর তারিখের মার্কেটের ভিতর সন্ত্রাসী কর্মকান্ড ঘটানো ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী করে।

এ পর্যন্ত উক্ত এলাকায় থমেথমে অবস্থা বিরাজ করছে। ব্যবসায়ীরা কথিত এই নেতার চাঁদাবাজি থেকে মুক্তি ও ক্ষতিপূরণ দাবী করেন, যাতে তাদের ব্যবসা পরিচালনা করতে অসুবিধা না হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর