ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, অভিযানে সহযোগিতা করেন অন্তত ৫০ জন গ্রাম পুলিশ সদস্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘাটাইল পৌরসভার কলেজ মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, প্রধান সড়ক, কলেজ রোড ও স’মিল রোডের বিভিন্ন অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান, পুরাতন কাপড়ের দোকান, কলার দোকান, বাসের টিকেট কাউন্টার ইত্যাদি ভেঙ্গে গুঁড়িয়ে দেন গ্রাম পুলিশ সদস্যরা।

এছাড়া রাস্তায় বিক্ষিপ্তভাবে এলোপাথাড়ি বাস, সিএনজি, অটোরিকশা, অটোটেম্পো ইত্যাদি না রাখার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়। এছারাও কলেজ মোড় এলাকায় বিভিন্ন বাসাবাড়ীর পয়নিস্কাশনের পানি রাস্তায় ফেলে জনদুর্ভোগ তৈরির জন্য একাধিক বাসার মালিককে মৌখিক সতর্ক করে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।জানা যায়, ঘাটাইল উপজেলা সদরের পৌর এলাকার নানান সড়কে এবং রাস্তার ফুটপাতে অবৈধভাবে দোকানপাট তৈরি করে রাস্তা দখল করে রাখায় যানযটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ জনগণকে অনাহুত ভোগান্তি পোহাতে হয়। তাই সড়কের রাস্তাগুলো হকার মুক্ত এবং দখল মুক্ত করতে গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের অসংখ্য অভিযোগের ভিত্তিতে ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ আইনের ১৯৭০/৫ এর ২ ধারা মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এদিকে রাস্তাগুলো অবৈধ দখল মুক্ত হওয়ায় সাধারণ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনগণ এই অভিযানকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে। যদিও পুনরায় এসব অবৈধ স্থাপনায় রাস্তার পাশ বেদখল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর