১১ পরিবারকে গ্রামছাড়া করলেন যুবলীগ নেতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক যুবলীগ নেতার ভয়ে ১১টি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। একই সঙ্গে আরও ১৫টি পরিবার পুরুষশূন্য হয়ে পড়েছে।

উপজেলার নশাসন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এমন ঘটনা ঘটেছে। যুবলীগ নেতার ভয়ে ১১টি পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি আরও ১৫টি পরিবার পুরুষশূন্য হয়ে পড়ায় ছেলে-মেয়েদের লেখাপাড়া ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শরীয়তপুর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। অভিযুক্ত মাসুম ছৈয়াল একই গ্রামের মৃত ছিটু ছৈয়ালের ছেলে। তিনি নশাসন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে নড়িয়া ও পালং মডেল থানায় মাদক, বিস্ফোরকসহ ১২টি মামলা রয়েছে।

গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়, ২০১৮ সালের জুলাই মাসে গ্রামের কয়েক ব্যক্তির ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে নিজ বাড়িতে বালি উত্তোলন করছিলেন মাসুম ছৈয়াল। স্থানীয় প্রশাসনের নজরে এলে ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করা হয়।

ওই গ্রামের বাসিন্দা জলিল আকন প্রশাসনকে বিষয়টি জানিয়েছে এমন অপবাদ দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে মাসুম ও তার বাহিনী। বর্তমানে জলিল আকন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জলিল আকনের ভাই এমদাদ আকন বাদী হয়ে মাসুমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। মামলায় জামিনে বেরিয়ে এলাকায় তাণ্ডব শুরু করেন মাসুম। পাশাপাশি মামলা তুলে নিতে বাদীপক্ষের লোকজনের ওপর হামলা, বাড়িঘর লুটপাট ও মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেন তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর