সাভারে তিতাসের অভিযানে ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঠগড়া বাজার এবং পুকুরপাড় এলাকায় প্রায় ১ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়। এতে করে ওই দুই এলাকার প্রায় ২ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।

অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঠগড়া বাজার এবং পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ ব্যবহার করে প্রায় ৩ কিলোমিটারব্যাপী অবৈধ সংযোগ প্রদান করেছে। তবে রাস্তার ঢালাইয়ের নিচে থাকায় আমরা ১ কিলোমিটার অবৈধ পাইপ তুলে ফেলেছি। এতে আনুমানিক প্রায় ২ হাজার বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।’

গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান, অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোমিনুল হক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর