নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে তা আবার জনপ্রিয় হয়ে উঠছে।এরই ধারাবাহিকতায় হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার দিগনগর এলাকায় মধুমতি নদীতে এ নৌকা বাইচের আয়োজন করে দিগনগর বাজার যুবসমাজ।প্রতিযোগিতায় ১৩ টি ডিঙি নৌকা অংশ গ্রহণ করে।
বর্ণাঢ্য এ নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে আগ্রহ নিয়ে ছুটে আসে শিশু-কিশোর, যুবক-যুবতী,নারী-পুরুষসহ বিনোদন প্রেমী বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ।দুপুর থেকেই গোটা দিগনগর এলাকার নদী তীর জুড়ে হাজারো মানুষের মিলন মেলায় পরিনত হয়।এ নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসে গ্রাম্য মেলা।
বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন- কাতলাসুর গ্রামের ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন,পবনবেগ গ্রামের ইউপি সদস্য মো. ওয়াহিদুজ্জামান, কুচিয়াগ্রামের ইউপি সদস্য মকিবুল হোসেন মক্কা ও গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. মুশফিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস