মসজিদের মিনার ভেঙে আহত ২

সিলেটে একটি মসজিদের মিনার ভেঙে রাস্তায় পড়ে দুই পথচারী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরের নয়াসড়ক এলাকায় চৌহাট্টা মোড়ে নয়া সড়ক জামে মসজিদ থেকে মিনারটি ভেঙে পড়ে।

আহত ব্যক্তিরা হলেন, মুশতাক আহমদ (২৯) ও শাহ আলম। মুশতাককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চৌহাট্টা এলাকার বাসিন্দা।

মসজিদের মিনারটি ভেঙে পড়ার পর কাজীটুলা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মসজিদের মিনারটি রাস্তায় ধসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, মসজিদের মিনার ভেঙে পড়ার ঘটনাটি হ্যামার চালকের অদক্ষতা কারণে হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

স্থানীয়রা জানান, গত একমাস ধরে নয়াসড়ক জামে মসজিদটি পুনর্নির্মাণের জন্য ভাঙার কাজ চলছে। সকাল থেকে সিটি করপোরেশনের সহযোগিতায় ভাঙার কাজ শুরু হয়। করপোরেশনের একটি হ্যামার দিয়ে কাজ করা হচ্ছিল। হঠাৎ মিনারটি ভেঙে রাস্তায় পড়ে যায়। ঘটনার দায়ে হ্যামার চালক মোশতাককে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালুকদার বলেন, খবর পেয়ে তারা সেখানে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ শুরু করেন। এলাকার লোকজন তাদের সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, মিনারটি ভেঙে পড়ে সড়কে থাকা একাধিক বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর