দুই সিটি করপোরেশনের বিদ্যুত লাইন কেটে দেয়ার হুঁশিয়ারি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ১৫৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিপি)। ডিসেম্বর মাসের মধ্যে এই বিল পরিশোধ না করলে জানুয়ারিতে একসঙ্গে দুই সিটির সব বিদ্যুতের লাইন কেটে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিপিডিপি।

আজ সোমবার রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবনার শুনানিতে ডিপিডিসি এমনটি জানিয়েছে।

শুনানিতে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম দুই সিটি করপোরেশনের কাছে ডিপিডিসির কত টাকা বকেয়া আছে-বলে ডিপিডিসির কাছে জানতে চান। ডিপিডিপির পক্ষে থেকে জানানো হয়, উত্তর সিটি করপোরেশনের কাছে ৬৪ কোটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ৯৪ কোটি টাকা বকেয়া আছে।

শামসুল আলম আরও জানতে চান, বিপুল পরিমাণ বকেয়া থাকলেও কেন লাইন কাটা হচ্ছে না? জবাবে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন্স) এটিএম হারুন অর রশিদ বলেন, “আমরা দুই সিটি করপোরেশনকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছি। ডিসেম্বর পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেয়া হয়েছে।”

এসময় তিনি আরো বলেন, “বেঁধে দেয়া সময়ের মধ্যে যদি বিদ্যুৎ বিল পরিশোধ করা না হয়, তাহলে আগামী জানুয়ারি মাসে তাদের সব বিদ্যুতের লাইন কেটে দেয়া হবে।”

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর