জাতীয় স্লোগান ‘জয় বাংলা’কে ঘোষণা নিয়ে রুলের শুনানি বুধবার

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর জারি করা রুলের বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর (বুধবার) দিন ঠিক করেছন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আজ রিটকারী আইনজীবী এ বিষয়ে শুনানির জন্য আর্জি জানানোর পর আদালত এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

২০১৭ সালে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।

রুলে, ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তার জবাব মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবের কাছে জানতে চাওয়া হয়। এরপর এ বিষয়ে সংশ্লিষ্টরা জবাব দেন বলে জানান রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ।

রিটকারী আইনজীবী বলেন, ‘জয় বাংলা’ কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। সে বোধ থেকেই রিটটি করি। আগামী বুধবার রিটের চূড়ান্ত শুনানি হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর