জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়ায় চালিত বাসের ভিতরে শিশুকে ধর্ষন চেষ্টার সময় বাসের হেলপারকে হাতে নাতে আটক করে শিক্ষার্থীরা। পরে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের পাশে গাড়ির গ্যারেজের সামনে শিক্ষার্থীদের জন্য অপেক্ষমান সিকদার পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৫৬৯৮) বাসটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিকদার পরিবহনের ওই বাসটির হেলপার মজিবুর (৫০) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়
বসবাসকারী আট বছরের এক শিশুকে মোবাইলে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে গাড়ির ভিতরে ধর্ষনের চেষ্টা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের সিট রাখার জন্য গাড়িতে উঠলে তাকে আপত্তিকর অবস্থায় দেখে অন্য শিক্ষার্থীদের খবর দেয়। এসময় আশেপাশে থাকা শিক্ষার্থীরা এসে শিশুটিকে উদ্ধার করে গাড়ির হেলপার মজিবুরকে গনধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মজিবুরকে পুলিশের কাছে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার বলেন, আমরা আসামীকে থানায় সোপর্দ করেছি। শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিশুর বাবাকে আইনী লড়াইয়ের জন্য সর্বাত্বক সহযোগিতা করা হবে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্য আজিজুর রহমান বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনার মজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, আগামীকালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের চালিত বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে কঠিন সতর্ক করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস