ঢাকার সাভারের নামাবাজার ব্রিজের পশ্চিম পাড়ে বংশীর শাখা নদীর জায়গা বালু দিয়ে ভরাট করছে সাভারের এক প্রভাবশালী। রবিবার (১ ডিসেম্বর) বংশী নদীর পশ্চিম পাড়ে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগরে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বংশীর একটি প্রশাখা কুল্লা ইউনিয়নের ভিতর দিয়ে ধামরাইয়ের দিকে প্রবাহিত হয়েছে। সাভার নামাবাজার ব্রিজের ডান পাশ দিয়ে সামনে কিছুদূর এগোলেই দখলের স্থান। নদীর পাড়ে বিশাল জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে। এই প্রতিবেদক এখানে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাভারের বদিউজ্জামান বদি নামের এক প্রভাবশালী এই নদীর জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করছেন।
২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে কোনো অবস্থায় খাল-বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না। এই আদেশের বাইরে গিয়েই বংশী নদীর জায়গা বালু দিয়ে ভরাট করা হচ্ছে কেবলমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আর নদীর সীমানা থেকে ৩০০ ফুট পর্যন্ত জায়গা নদীর এ বিষয়টি আইনে স্পষ্ট উল্লেখ থাকলেও এক্ষেত্রে আইন মানা হয়নি।
বংশীর তীরের জায়গা দখলকারী বদিউজ্জামান বদির মুঠোফোনে কল করা হলে তা বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায় নাই।
এব্যাপারে ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে ব্যাপারটা হলেও মূলতঃ উপজেলা প্রশাসন ও নদী রক্ষা কমিশন এ বিষয়ে ভূমিকা রাখার এখতিয়ারভুক্ত। তবে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাদের সাথে এসংক্রান্ত যেকোনো কাজে আমি থাকবো।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এর মুঠোফোনে কল করে বিষয়টি জানালে তিনি বলেন, বিষয়টা জানলাম এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সংবাদ প্রচারের পর খোকন নামের এক ব্যক্তি যে নিজেও ওই নদীর স্থানে বালু ভরাটকারীদের একজন অংশীদার দাবী করে মুঠোফোনে এই প্রতিবেদকের অন্য এক সহকর্মীকে সংবাদটি বন্ধ করতে বলেন এবং আগামীকাল (সোমবার) প্রতিবেদকসহ অনুসন্ধানী দলের অন্য সহকর্মীদের সাথে দেখা করে বিষয়টি ম্যানেজ করবে বলে জানান। এসময় তিনি দাবী করেন নদীর সীমানা পিলার থেকে ৩০০ ফুটের পরে আনুমানিক ৬০০ ফুট দূরে তারা বালু দিয়ে ভরাট করছেন।