সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে এবং রাস্তার উপর যত্রতত্র গণ-পরিবহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার পরিকল্পনায় ১৫ বছর আগে ২ কোটি ১৪ লক্ষ ৭০ হাজার ২৮৩ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল নির্মান করে। কিন্তু টার্মিনাল হলেও তিন মাসের বেশী সময় ব্যবহৃত হয়নি বাস টার্মিনালটি। যার ফলে সরকারের ২ কোটি ১৪ লক্ষ ৭০ হাজার ২৮৩ টাকার অবকাঠামো এখনও পরিত্যাক্ত। অন্যদিকে সিরাজগঞ্জ শহরের রাস্তা দখল করে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড যা শহরের যানজটের অন্যতম কারণ।
সংশিষ্ট সূত্র জানায়,শহরকে যানজট মুক্ত রাখতে ২০০১ সালে পৌর শহরের মিরপুর গ্রামে সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি। পরবর্তিতে ক্ষমতা পরিবর্তনের পরে ২০০৩ সালে সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের কাজ শেষ হলে তৎকালিন ক্ষমতায় থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি শুভ উদ্বোধন করেন। এরপর পৌর আধুনিক বাস টার্মিনালটি মাত্র ৩ মাস বাস চলাচলের পরে হঠাৎ রাতের আঁধারে শহরে অবস্থিত পুরাতন এম এ মতিন বাস টার্মিনালে ফিরে যায়।
হঠাৎ থমকে যায় সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল। ফলে শুরু হয় শহরে যানজট। পোহাতে হয় ভোগান্তি। এদিকে এম এ মতিন বাস টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় সিরাজগঞ্জের ঢাকাগামী সকল বাসগুলো বাজার ষ্টেশন, নিউ ঢাকা রোডে কাউন্টার করে বাস চলাচল করায় শহরে যানজটের সৃষ্টি হয়। এতে মাঝে মধ্যেই ঘটে দূর্ঘটনা। অপর দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি রয়ে যায় পরিত্যাক্ত ।
রোববার (১ ডিসেম্বর) সরজমিনে গেলে দেখা যায়, বাস টার্মিনালের প্রধান বিল্ডিং এর সিমেন্ট, শুরকি খসে পড়েছে। ল্যাম্পপোষ্টের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। অনেক মালামাল চুরিও হয়েছে। বাস টার্মিনালটির চার পাশের বেস্টনি ভেঙ্গে পড়েছে। এ যেন ময়লা আবর্জনার স্তুপ। এ দিকে সচেতন মহল শহরের যানজট নিরসন করার জন্য পৌর আধুনিক বাস টার্মিনালটি পূনরায় সংস্কার করে চালু করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, চলতি মাসের মধ্যে যানজট নিরসন করার লক্ষে ঢাকা বিভাগের জন্য সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল ও রাজশাহী বিভাগের জন্য এম এ মতিন বাস টার্মিনাল থেকে গাড়ি চলবে। এটা করা হলে শহরে আর কোন যানজট থাকবে না।
বার্তাবাজার/ডব্লিওএস