ঠাকুরগাঁও সদর উপজেলায় জঙ্গলের নাম না জানা গাছের ফল খেয়ে বিষক্রিয়ায় ১৮ জন শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা শহরের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আক্রান্তদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রোগীর স্বজনরা জানান, শনিবার বিকেলে আক্রান্ত শিশু-কিশোররা একটি খেলার মাঠে ব্যাডমিন্টন খেলছিল। ওই সময় তাদের মধ্যে একজন রাস্তার পাশে পড়ে থাকা একটি গাছের ফল মুখে দিয়ে বাদামের স্বাদ পায়। পরে আরও কয়েকজন মিলে গাছ থেকে ফল পেড়ে খায়। ওই ফল খাওয়ার কিছুক্ষণ পর এর প্রতিক্রিয়া দেখা দেয়। ফল খাওয়া সবাই বমি করা শুরু করে এবং পেট ব্যথায় ছটফট করতে থাকে।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তারা আক্রান্তদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপ কুমার রায় বলেন, ‘ফলটি টক্সিন জাতীয় হওয়ায় তারা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। তবে আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ।’
বার্তাবাজার/এইচ.আর