ছিনতাইয়ের মূল হোতা জেলা ছাত্রলীগ সম্পাদক, প্রেসব্রিফিং সাতক্ষীরার এসপি

সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা (মাস্টারমাইন্ড) জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। রবিবার সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, টাকা ছিনতাই ঘটনার সাথে জড়িত মোট নয়জনের সাতজনকে আটক করা হয়েছে। এরই মধ্যে দুই আসামি সাইফুল ইসলাম ও মামুনুর রহমান দ্বীপ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দু’জন আসামি আজিজুর ও সামীন্ত হাসান সোহান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছিসতাইয়ের ঘটনায় সাদিকের সম্পক্ততার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

পুলিশ সুপার আরো বলেন, গত ৩১ অক্টোবর কালিগঞ্জ উপজেলার পাওখালি থেকে বিকাশের দুই এজেন্টকে গুলি করে মোটর সাইকেল থেকে নামিয়ে ২৬ লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাইফুল ও দ্বীপকে গ্রেফতার করা হলে তারাও নিজেদের অপরাধ স্বীকার করে জানায় এই ছিনতাইয়ের মুল হোতা (মাস্টারমাইন্ড) জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। পরে তাদের কাছ থেকে তিনটি অস্ত্র, গুলি, দুটি মোটর সাইকেল এবং নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান সাইফুল ও দ্বীপ বন্দুকযুদ্ধ নিহত হলেও সৈয়দ সাদিকুর রহমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সাদিকসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে পুলিশ এখনও জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতার্রা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর