ঠাকুরগাঁওয়ে এমপিকে বহনকারী গাড়ীতে জ্বালানি (ডিজেল) না দিয়ে ফিরিয়ে দিয়েছে পাম্প শ্রমিকরা। রবিবার শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাকে বহনকারী দুটি গাড়ী শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানি নেয়ার জন্য গেলে সেখানে কর্মরত শ্রমিকরা জ্বালানি সরবরাহ না করেই গাড়ি দুটি ফিরিয়ে দেয়।
এ সময় গাড়িতেই বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র সেন। পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সকল প্রকার জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানিনা।
এ ব্যপারে বাংলাদেশ প্রেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, আমরা ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবারের ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচী চলবে।
এদিকে, আগাম কোন প্রকার প্রচার প্রচারনা ছাড়াই পাম্প ধর্মঘট শুরু হওয়ায় ব্যপক ভোগান্তিতে পড়েছে জ্বালানি ব্যবহারকারী সাধারন মানুষ। বাংলাদেশ প্রেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ডাকে সাড়া দিতে সকাল থেকেই ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার ৩২টি পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে।
গাড়িচালকরা ধারণা করছেন এমন ধর্মঘট অব্যাহত থাকলে ঠাকুরগাঁও জেলার সাথে রংপুর বিভাগের সবগুলো জেলার যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা রয়েছে। অন্যদিকে চলতি বোরো মৌসুম এবং শীতকালীন সবজিতে সেচ ব্যবস্থা বিঘ্নিত সৃষ্টি হবার সম্ভাবনাও দেখছে কৃষি বিভাগ।
বার্তাবাজার/এমকে