হাইকোর্টে ক্ষমা চেয়ে পার পেলেন র‌্যাবের সারোয়ার আলম

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। রোববার হাইকোর্টের তলব আদেশে হাজির হয়ে তিনি ক্ষমা চান।

এর আগে গত ১৮ নভেম্বর সারোয়ার আলমকে তলব করেন হাইকোর্ট। ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে সাজা দেয়ার পর ৪ মাস পার হলেও আদেশের কপি না দেয়ার ব্যাখ্যা দিতে তাকে ডাকা হয়।

আজ সকালে আদালতের তলব আদেশে হাজির হয়ে সারোয়ার আলম আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এমনটি হবে বলে জানান। একইসঙ্গে ওই রায়ের কপি দিতে বিলম্বের কারণ হিসেবে নকল ও লজিস্টিক সাপোর্টের অভাবের বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। পরে আদালত র‌্যাবকে আরও লজিস্টিক সাপোর্ট দিতে নির্দেশ দেন।

সারোয়ার আলম আদালতকে বলেন, একদিনে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ঢাকায় ফিরে এসে রায় লিখতে হয়। এ কারণে আদেশের কপি সময়মত দেয়া সম্ভব হয়নি।

পরিপ্রেক্ষিতে আদালত র‌্যাবকে জনবল ও লজিস্টিক সাপোর্ট দেয়ার নির্দেশ দেন। বিচারপতি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মো. সারোয়ার আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

উল্লেখ্য, ১৮ জুলাই অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তপু এন্টারপ্রাইজ নামে একটি পশুখাদ্য প্রস্তুতকরণ কারখানার ব্যবস্থাপক মিজান মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন। পরে ওই সাজার আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আদেশের কপি চান। কিন্তু সাজা দেয়ার চার মাস পরও আদেশের কপি দেয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মো. মিজান মিয়া গত ১৭ নভেম্বর রিটটি করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর