‘ধর্ষকের’ ঘর থেকে ৩ বছরের শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে তিন বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের আমজাদ হোসেন তাকে ধর্ষণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। কাল দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমজাদের বাড়িতে তল্লাশি চালানো হলে তিনি পালিয়ে যান। তখন তার শোবার ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আলম মিয়া রাত সোয়া ৯টার দিকে জানান, ধর্ষণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পোশাক রক্তে ভিজে ছিল।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, শিশুটিকে সন্দেহভাজন ধর্ষক আমজাদ হোসেনের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর