হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা!

পেঁয়াজ নিয়ে পরিস্থিতি সুবিধার নয় প্রতিবেশী ভারতেও। সেখানেও দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। ভারতেও সরকারিভাবে চলছে পেঁয়াজ বিক্রি। বাজারের চেয়ে অর্ধেক দামে পেঁয়াজ কিনতে স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় সবখানেই। পেঁয়াজ কিনতে গিয়ে দেশটিতে ধাক্কাধাক্কি, মারামারি, এমনকি পাথর নিক্ষেপের ঘটনা পর্যন্ত ঘটেছে।

মানুষের উত্তেজনায় প্রাণে বাঁচার তাগিদে বিহারের সরকারি পেঁয়াজ বিক্রেতারা বের করেছেন এক নতুন বুদ্ধি। মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সারাদেশের মতো বিহারেও পেঁয়াজের দাম চড়া। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে। পরিস্থিতি সামাল দিতে ৩৫ রুপি কেজি দরে ট্রাকসেলের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে সরকার।

জানা যায়, প্রত্যেককে সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ রুপি কেজিতে। তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে এবং তার বিশ্বাসযোগ্য প্রমাণ দেখালে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ কেজি।

বিহার সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, সরকারিভাবে কম দামে পেঁয়াজ বিক্রির সময় পাথর নিক্ষেপ ও পদপিষ্টের ঘটনা ঘটেছে। সরকার কোথাও পুলিশ দেয়নি। তাই হেলমেট পরে নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছেন বিক্রেতারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর