চবি’র ৪ আবাসিক হলে পুলিশী অভিযান

ছাত্রলীগের দুই দফা সংঘর্ষের পর উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার আবাসিক হলে চলছে পুলিশী অভিযান।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে একযোগে পুলিশের তল্লাশি শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, গত কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ সৃষ্টির পর আবাসিক হল সমূহে বহিরাগতদের উপস্থিতি ও অস্ত্র সস্ত্র থাকার সম্ভাবনা দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় চবির চার আবাসিক হলে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ।

উল্লেখ্য, ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে টিভিকক্ষে মিটিংয়ে বসাকে কেন্দ্র করে সিএফসি ও ভিএক্স গ্রুপ নামে ছাত্রলীগের দুটি গ্রুপের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষের খবর দ্রুত গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। সংঘর্ষকে কেন্দ্র করে উভয় গ্রুপের নেতা কর্মীদের অস্ত্র সহ বিভিন্ন হলের সামনে অবস্থান করতে দেখা যায়। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকেও উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ পর্যন্ত দশজনের অধিক ছাত্রলীগ কর্মী আহত হন।

এরপর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযানে নামে এবং চারটি হলে তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত কোন বিশেষ তথ্য বা অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। তল্লাশি অব্যাহত রয়েছে এবং কিছু পেলে বিস্তারিত জানানো হবে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর