দেশে প্রথমবারের মতো কৃষি বিষয়ক সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক তত্ত্ববধানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ছয়টি কেন্দ্রে সকাল ১১ টায় একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগেভাগেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে এবার আইন-শৃক্সখলা বাহিনী আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি বিষয়ক সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আইন শৃক্সখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগসহ চারটি টিম পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission-agri.org) থেকে জানা যাবে।
বার্তাবাজার/ডব্লিওএস