যশোর সদর উপজেলার হাকিমপুর বাজারে প্রকাশ্য দিবালোকে হোসেন আলী তরফদার (৫৫)নামে এক আনসার ব্যাটালিয়ন এর বিশেষ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(৩০শে নভেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর বাজারে এক চায়ের দোকানে বসে গল্প করার সময়ে দুর্বৃত্তরা অতর্কিত গুলি করে তাঁকে হত্যা করে।
নিহত আনসার সদস্য হোসেন আলী হলেন,যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার আরশাদ আলী তরফদারের ছেলে। তিনি আনসার ব্যাটালিয়ন এর বিশেষ সদস্য পদে ঢাকায় কর্মরত ছিলেন।
তিন দিনের জন্য তিনি যশোরের বাড়িতে ছুটিতে বেড়াতে এসেছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে।
যশোরের পুলিশ সুপার (এসপি)মঈনুল হক,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোরের(এসপি)মঈনুল হক বলেন,কারা কী কারণে হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।হত্যা মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন,নিহত হোসেন আলী এক সময় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সদস্য ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে ৯০ এর দশকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসীদের আত্মসমর্পণ করানোর উদ্যোগ নেন।তখন হোসেন আলীও আত্মসমর্পণ করেন।তখন পুনর্বাসনের জন্য তাঁকে আনসার ব্যাটালিয়নের বিশেষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।আগের কোনো শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
বার্তাবাজার/ডব্লিওএস