সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ এমপিকে সংবর্ধনা জানিয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহাদৎ হোসেন’র সভাপতিত্বে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এমপিকে শিক্ষক- কর্মচারীরা এ সংবর্ধনা দেন।
এমপিওভুক্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে -দৈবজ্ঞগাঁতী এস.কে মডেল কারিগরি হাই স্কুল এন্ড বিএম কলেজ,দেউলমুড়া জি.আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়,নিঝুড়ি করতোয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা, নলকা মডেল উচ্চ বিদ্যালয়,দেউলমুড়া এন.আর টেকনিক্যাল ইন্সটিটিউট ও দেউলমুড়া জি.আর মডেল কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে স্থাপন করতে সক্ষম হয়েছেন। যার কারণে শিক্ষাক্ষেত্র তথ্য-প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রযুক্তি শিক্ষায় শিশুরা যাতে গড়ে উঠতে পারে সরকার এমন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি, তথ্যসহ সার্বিক বিষয়ে উন্নয়ন করে যাচ্ছে।
তাছাড়া ইংরেজী বছরের প্রথম দিন সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কোটি কোটি বই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। যাতে তারা নব উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে পারে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষকরাই পারেন একটি জাতিকে শিক্ষিত, উন্নত করে গড়ে তুলতে, আবার একটি জাতিকে ধ্বংস করে দিতে। জাতি গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশের কর্ণধার। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সরকার কাজ করছে।
বার্তাবাজার/ডব্লিওএস