নোয়াখালীর বেগমগঞ্জে একটি কোয়েল পাখির খামারে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ২০০ এর বেশি পাখিকে মেরে ফেলেছে এবং ডিমও ভেঙে দিয়ে গেছে। এতে খামার মালিকের অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের আফানিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খামারটিতে প্রায় ৫০০ কোয়েল পাখি ছিল বলে জানিয়েছেন মালিক আবুল কাশেম সুমন।
শনিবার আবুল কাশেম সুমন বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে খামারে কাজ শেষে বাড়িতে ঘুমাতে যাই। শুক্রবার সকাল ৯টায় খামারে এসে দেখি, খামারের বেড়া ভেঙে ঢুকে কে বা কারা ভেতরের মালামাল সব এলোমেলো করে রেখেছে। এরপর দেখি মেঝেতে দুইশত এর বেশি কোয়েল পাখি মরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাকি তিনশ পাখির মধ্যে ৮০-৯০টিকে অক্ষত পেয়েছি। আর অন্য পাখিগুলো হাওয়া হয়ে গেছে।’
যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ছয় মাস আগে ঋণ করে ৫০০ কোয়েল পাখির বাচ্চা কিনে এ খামারটি স্থাপন করেন সুমন। পাখিগুলো বড়ও হচ্ছিল। ডিমও দেয়া শুরু করেছিল এদের অধিকাংশই। আর এরই মধ্যে দুর্বত্তরা এমন কাণ্ড করল।
কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত সুমন।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত শুরু হচ্ছে।’
বার্তাবাজার/কে.জে.পি