আশাশুনি আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, মোস্তাকিম সভাপতি ও সম্ভুজিত সম্পাদক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আশাশুনি উপজেলা সম্মেলন তদারকি কমিটির প্রধান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। বিকালে সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক সম্ভুজিত মন্ডলের নাম ঘোষণা করে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর