নিখোঁজের দুই দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্রে বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে খেলতে বের হয় শিশুটি। এরপর থেকে সে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ঘটনায় ওই শিশুর পিতা গতকাল শুক্রবার সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।
আজ শনিবার সকালে রঘুনাথপুর গ্রামে বাড়ীর পাশের একটি পুকুরের মধ্যে ওই শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারন করা হচ্ছে কেউ শিশুটিকে হত্যার পর তার লাশ পুকুরের মধ্যে ফেলে রেখে যায়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি। তবে শিশুটিকে কে বা কারা এবং কি কারনে হত্যা করা হতে পারে সে ব্যাপারে কোন কারন জানাতে পারেননি তিনি।
ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি