স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা দেবে। ৮ ডিসেম্বর জেলা-উপজেলার বিভিন্ন হাসপাতালে সাড়ে চার হাজার ডাক্তার যোগদান করবে। এতে আর ডাক্তার সংকট থাকবে না।
শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে ডাক্তারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জনগণের সেবার জন্যই ডাক্তারদের চাকরি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫ তলার আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে। পরে কিডনির অনুমোদন দেয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। তাই প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর ইউএনও আসমাউল হুসনা লিজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি