বাজারে চালের দাম বাড়লেও কমতে শুরু করেছে ধানের দাম

দিনাজপুরের বাজারে চালের দাম বাড়লেও কমতে শুরু করেছে ধানের দাম। ৭৭ কেজি ওজনের এক বস্তা ধানের দাম কমে হয়েছে একশ থেকে দেড়শো টাকা। গত সপ্তাহে সাড়ে ১২শ’ টাকা থাকলেও এখন তা কমে হয়েছে ১১’শ’ টাকায়। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছে কৃষকেরা।

বোরোর লোকসান মাথায় নিয়ে আমন চাষ করেছিল দিনাজপুরের চাষিরা। কিন্তু আমনের উৎপাদন এবং দাম উভয় ক্ষেত্রে ক্ষতির সম্মুখিন হচ্ছেন তারা। প্রতি কেজি মোটা ধানের সরকারি দর ২৬ টাকা হলেও খোলা বাজারে কৃষক বিক্রি করছেন ১৪/১৫ টাকা দরে।

এতে কৃষকরা উৎপাদন খরচটাও পাচ্ছেন না। কৃষকরা বলছেন, চালকল মালিকরা সিন্ডিকেট করে ধানের বাজারের এই অবস্থা সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, ‘মিল মালিকেরা সিন্ডিকেট করে বাজারের এ অবস্থা করে রেখেছে। এক বস্তা ধান বিক্রি করে একটা গামছা বা একটা লুঙ্গির পয়সা হচ্ছে না।’

এদিকে দিনাজপুর সদরে ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে ধান কেনার সিদ্ধান্ত নেয়া হলেও সাধারন কৃষকের এ বিষয়ে কোন ধারনাই নেই। তারা বলছেন- এ্যাপস-ডিজিটাল কি সেটাই তারা বুঝেনা। কৃষকরা জানান, ‘ডিজিটাল কি এটা তো আমরা বুঝতে পারছি ন। কার মাধমে কে ধান কিনবে এটা তো আমরা জানি না।’

কৃষক অ্যাপস জনপ্রিয় করতে কৃষি বিভাগ, খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন কাজ করছে কৃষি বিভাগ। ধানের দাম কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে কর্মকর্তারা বলছেন সরকারি ক্রয় অভিযান পুরোদমে শুরু হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন না। দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, ‘সারা বাংলাদেশ থেকে সরকার ৬লাখ মেট্রিকটন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটা আগামী সপ্তাহ থেকে বেগবান হবে। তখনই কিন্তু ধানের দাম বেড়ে যাবে।’

এদিকে, জেলা খাদ্য বিভাগ জানায়, প্রকাশ্যে লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করে ধান কেনা শুরু হয়েছে। এবার জেলায় ২৮ হাজারের বেশী কৃষক ২৬ টাকা কেজি দরে সরকারে কাছে ধান বিক্রির সুযোগ পাবে। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশ্রাফুজ্জামান বলেন, ‘শুধুমাত্র সদর উপজেলায় কৃষক অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আমরা ধান কিনবো। আর বাকি যে ১২টি উপজেলা সেখানে প্রকাশ্যে লটারির মাধ্যমে ধান কেনা হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ উপজেলায় লটারির কার্যক্রম শেষ হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর