ভলিবলের সেমিতে বাংলাদেশের ছেলেরা

এসএ গেমসে ছেলেদের ভলিবলে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে যাদের বিপক্ষে হেরেছিল, সেই ভারত শুক্রবার নিজ খেলায় জেতায় সেমি নিশ্চিত হয় লাল-সবুজদের। নেপালকে ৩-০ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারত। দুই ম্যাচ জিতে ভারত গ্রুপসেরা।

এবারের এসএ গেমসের আসর বসেছে নেপালে। ত্রিপুনেশ্বরের কাভার হলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। বাংলাদেশের পর ভারতের কাছে হেরে যাওয়ায় বিদায় নেয় স্বাগতিকরা।

ছেলেদের ভলিবল ইভেন্টের শেষ খেলায় হেরে যাওয়ায় ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয় বাংলাদেশকে। যেখানে ভারতের জয়ই ছিল প্রার্থনায়। শুক্রবার ভারতের দাপুটে পারফরম্যান্সে নেপাল হেরে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশেরও। এই নেপালকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তাতে গ্রুপে দুইয়ে থেকে সেরা চারে যাওয়ার পথ মেলে।

কাভার হলের ম্যাচে ভারত প্রথম সেট জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটে আরও দাপট দেখিয়ে পায় ২৫-১৩ পয়েন্টের জয়। শেষ সেট ২৫-১৬ পয়েন্টে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ভারত।

মেয়েদের ভলিবলে অবশ্য বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ভারতের কাছে তারা হেরেছে ৩-০ সেটে। আগে প্রথম ম্যাচেও ৩-০ সেটে হেরেছিল স্বাগতিক নেপালের বিপক্ষে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর