ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা। এতে দুই পাইলট নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, শুক্রবার সৌদি আরব-ইয়েমেন সীমান্তের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
হুতি বিদ্রোহীরা মুখপাত্র ইয়াহিয়া আসিরি টুইটারবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে রিয়াদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইয়াহিয়া আসিরি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এটি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় ভেতরে থাকা দুই চালকও মারা গেছেন।
তিনি বলেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনেরর অপতৎপরতা নস্যাৎ করা হবে।
আল-আহাদ নামের একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর অভিযান চালিয়ে আসছে। কয়েক বছর ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি