বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘একশন এইড’ প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তোনখোলা মিলনায়তনে বরিশাল অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের বিতার্কিক দল অংশগ্রহণ করে।
‘গৃহস্থালির সেবামূলক কাজের মূল্যায়ন; আনবে সমতা, করবে উন্নয়ন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালের বিষয় ছিল: “শ্রম জরিপ ও জিডিপিতে গৃহস্থালির সেবামূলক কাজের অন্তর্ভুক্তিই নারীর ভূমিকার স্বীকৃতি নিশ্চিত করতে পারে।”
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রানার্স আপ দলের তৃতীয় বক্তা তানহিম রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুনীতি দেবী মন্ডল, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন সহ আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বন্ধুসভার সদস্যরা।
প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘নারী-পুরুষ সমানে সমান। কাজগুলোকে আমরা ভাগাভাগি করে সম্মিলিত প্রয়াসে দেশটাকে এগিয়ে নিতে চাই। নারী-পুরুষ সমানতালে হাতে হাত রেখে বাংলাদেশের উন্নয়নে অংশ নিক, এটা আমরা চাই।’
একশনএইড এবং প্রথম আলো বন্ধুসভার যৌথ এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তাবাজার/ডব্লিওএস