চট্টগ্রামে কক্সবাজার থেকে অপহৃত শিশু উদ্ধার করেছে র্যাব-৭। এসময় দুই অপহরনকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ইসমাইল কলোনি এলাকা হতে কক্সবাজার থেকে অপহৃত শিশু উদ্ধার সহ ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ খুরুস্কুল ডেইল পাড়া গ্রামের বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মায়েশা বেগম (৩৫) ও বোয়াখালী উপজেলার বাসিন্দা মৃত সৈয়দ আহম্মেদের পুত্র মোহাম্মদ সালেহ আহম্মদ (২৯)।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর কক্সবাজারের এক বাসা হতে সংগ্রাম মজুমদার মাত্র দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে বাসার বুয়া মায়েশা বেগম। অপহরণের পর সালেহ আহম্মদ নামক এক ব্যক্তির নিকট বিক্রির উদ্দেশ্যে মায়েশা বেগম শিশুটিকে নিয়ে চট্টগ্রাম চলে আসে। শিশুটিকে নিয়ে সালেহ আহম্মদ তার পরিবারের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে অপহৃত শিশু সংগ্রাম মজুমদারের পরিবারের পক্ষ হতে চাঁন্দগাওস্থ র্যাব-৭ এর অফিসে অভিযোগ জানানো হয়।
অভিযোগ পাওয়া মাত্র শিশু উদ্ধারে র্যাব তৎপর হয়ে ওঠে এবং বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে চান্দগাঁও এলাকার ইসমাঈল কলোনীতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সহ দুইজন অপহরনকারী গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা কাজী মোহাম্মদ তারেক আজিজ।
বার্তাবাজার/ডব্লিওএস