দেশের প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। যেখানে রোগীরা নিজ এলাকা থেকে কিডনি ডায়ালাইসি করতে পারবে।

শুক্রবার দুপুরে (২৯ নভেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো.আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. লুৎফর রহমান, জেলার সকল হেলথ এসিসট্যান্টসহ দলীয় নের্তাকর্মীরা।

এসময় মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লক্ষ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। সারাদেশে হেলথ এসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে।আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর