মাদক যেমন মানুষের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্য আ’লীগ

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘মাদক যেমন মানুষের জন্য, পরিবারের জন্য ক্ষতিকর তেমনি বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত মানুষ তার প্রাপ্য অধিকার পাবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব কৃষিবিদ মরহুম জাবেদ ইকবালের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ জোর করে এই ১২ বছর ক্ষমতায় থেকে যেভাবে মানুষের শত্রুতে পরিণত হয়েছে, তাতে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। যে সরকার জোর করে, যেনতেনভাবে ক্ষমতায় থাকে।

সে সরকার কখনও জনগণের বন্ধু হতে পারে না। আর যে দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিজের সম্পদের পাহাড় গড়ে, সেই দল কখনও ক্ষমা পাবে না। আজকে আওয়ামী লীগ সেই পর্যায়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার গত মার্চে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আবার তারা বিদ্যুতের দাম বাড়াবে। বিদ্যুতের দাম বাড়ানোর যে শুনানি হয়েছে, সেই শুনানিতে গিয়ে সবচেয়ে একটা বিষয় খারাপ লেগেছে। সেটা হলো যে, দিনাজপুরের হাজার হাজার টন কয়লা খেয়ে ফেলেছে দুর্নীতিবাজ আজিজ খান, তাকেই শুনানির বিচারকদের আসনে বসিয়ে রেখেছে, এই হচ্ছে আওয়ামী লীগ।’

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর