রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা বহুল আলোচিত মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটি এই রায়কে স্বাগতও জানিয়েছে।
শুক্রবার(২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘কৃষিবিদ ইনিস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবালের স্মরণে’ এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ঙ্কর ও ভয়াবহ জঙ্গিবাদ, সেটা যে ধরণেই হোক। যে জঙ্গিবাদ আজকে মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে, সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি।
তিনি বলেন, আমরা এটাও আশা করছি, এধরণের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়? এই ঘটনা ঘটনার সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা, বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে এই অবস্থান তৈরী করেছে যে, যেখানে মানুষ তার কথা বলতে পারবে না।
বার্তাবাজার/এইচ.আর