প্রতি তিন ইটভাটার একটি অবৈধ

দেশের ইটভাটাগুলোর তিনটির একটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এগুলোর পরিবেশগত ছাড়পত্র যেমন নেই, তেমনি পরিবেশবান্ধব প্রযুক্তিও গ্রহণ করেনি। সারা দেশে এমন ইটভাটা তিন হাজারের বেশি। পরিবেশ অধিদপ্তর গত বুধবার এসব অবৈধ ইটভাটার প্রাথমিক তালিকা করেছে।

এসব ইটভাটা মারাত্মক বায়ুদূষণের বড় উৎস। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ারভিজ্যুয়ালের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বিশ্বের ৯১টি বড় শহরের মধ্যে ঢাকার বায়ুমান ছিল দূষণের দিক থেকে দ্বিতীয়। চলতি মাসের প্রায় পুরো সময়েও ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিতি পেয়েছে। দূষণের পরিস্থিতিতে গত সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক করে বায়ুদূষণরোধে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। এর পরদিন উচ্চ আদালত ঢাকা ও এর পাশের চারটি জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন।

নিয়ম অনুযায়ী, সরকার ২০১৫ সালের পর পরিবেশবান্ধব প্রযুক্তি নেই, এমন ইটভাটাগুলো বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের হিসাবে, বর্তমানে সারা দেশে ৮ হাজার ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৩৭টি পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করেনি। আর পরিবেশগত ছাড়পত্র নেই ২ হাজার ৫১৩টির। এই দুটি শর্তই পালন করেনি এমন ইটভাটা রয়েছে তিন হাজারের বেশি। তিন
বছর ধরে এসব ইটভাটা মারাত্মক দূষণ করে চলেছে।

সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা ঢাকা বিভাগে। পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করেনি সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর