জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।
বশেফমুবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. হিজবুল্লাহ (সৌরভ) দৈনিক অধিকারকে জানান, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে নেওয়া হবে। ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১টা থেকে ১২টা, ৩য় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ১ম শিফটে ‘এ’ ইউনিট, ২য় শিফটে ‘বি’ ইউনিট, ৩য় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও আলাদাভাবে ইউনিট ভিত্তিক আবেদনের সংখ্যা- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৩১টি, বিজনেস স্টাডিজ অনুষদ, ‘বি’ ইউনিটে ১ হাজার ১০৮টি (বাণিজ্য থেকে ৪৩৪টি, অবাণিজ্য থেকে ৬৭৪টি) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে ২৭২৯টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ‘এ’ ইউনিটে ৪০ জন, ‘বি’ ইউনিটে (বাণিজ্যে ১৯ জন, অবাণিজ্যে ৯৬ জন) এবং ‘সি’ ইউনিটে ৯১ জন।
প্রসঙ্গত, এবার জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারটি অনুষদের অধীনে তিনটি ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৭ হাজার ৪৬৮টি।
বার্তাবাজার/কেএ