বন্দর নগরী চট্টগ্রামে স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশ।
নগরের সিটি গেইট পুলিশ চেকপোষ্টে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম সিটি গেইট চেকপোস্টে তল্লাশি চালিয়ে রণজিত আচার্য্য (৫২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয় বলে জানান আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন, আটক রণজিৎ আচার্য্য কোলকাতার হাওড়া স্টেশন সংলগ্ন সুপারীপাড়া এলাকার বাসিন্দা। পেশায় সে স্বর্ণ চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। দীর্ঘ দিন যাবৎ সে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার ও চোরাচালান ব্যবসা করে আসছে। এবারও স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে সে বাংলাদেশ পাড়ি দিয়েছে। স্বর্ণ সাথে নিয়ে ইউনিক পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম ঢুকার সময় সিটি গেইটে পুলিশের নজরদারি দেখে পুলিশের চোখে ফাঁকি দিতে বাস থেকে নেমে পায়ে হেঁটে সে সিটি গেইট অতিক্রম করছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি করে। তল্লাশি করে তার কাছ থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৯ ভরি ১ আনা ওজনের ২টি স্বর্ণের বার, নগদ ২ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার বাংলাদেশী টাকা পাওয়া যায়। সাথে তার পাসপোর্টও জব্দ করা হয়।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বার্তাবাজার/ডব্লিওএস