পীরগঞ্জ উপজেলা আ.লীগের নেতৃত্বে ইমদাদুল, সম্পাদক বিপ্লব

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরাসরি ভোটে সাবেক এমপি ইমদাদুল হক সভাপতি এবং রেজুয়ানুল হক বিপ্লব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এর আগে দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। সম্মেলনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর