বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির ২০২০ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থীদের দুই প্যানেল।
বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামাত সমর্থিত শিক্ষকদের কোনো প্যানেল নেই। প্রতি বছরই আওয়ামীপন্থী শিক্ষকদের দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।
‘আরিফ- খোরশেদ’ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন এবং ‘জাফর-আবির’ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।
এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. রেহেনা পারভিন।
সভাপতি প্রার্থী আরিফ হোসেন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমারা বদ্ধপরিকর। শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং কার্যনির্বাহী কমিটিকে আরও গতিশীল করে সবার অধিকার রক্ষায় আমরা কাজ করবো।
বার্তাবাজার/ডব্লিওএস