ধামরাইয়ে একেএইচ গ্রুপের নির্মানাধীন ভবনের ৩ তলা থেকে পড়ে ইদুল মিয়া নামের এক নির্মাণ শ্রমিক নিহত এবং আরও ২ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ধামরাইয়ের বালিথায় অবস্থিত ওই গ্রুপের নির্মানাধীন ভবনের ৩ তলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইদুল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বুদ্ধ মিয়ার ছেলে বলে জানা গেছে। এছাড়া আনোয়ারুল ও আজিম হোসেন নামের আরও দুই শ্রমিক একই দূর্ঘটনায় আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, একেএইচ গ্রুপের কারখানার ৩ তলা ভবনের বাইরে প্লাস্টারের কাজ চলছিলো। এসময় হঠাৎ রশি ছিড়ে তিনজন শ্রমিক নিচে পড়ে যায়।
তখন অন্যরা গুরুতর আহত অবস্থায় উপরোক্ত ৩ শ্রমিককে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ইদুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
তবে একেএইচ গ্রুপের ওই কারখানার দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় এব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/এমকে